অপহরণের পাঁচ মাস পর মেহেরপুর থেকে স্কুলছাত্রী উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত হওয়ার পাঁচ মাস পর মেহেরপুর থেকে ১৫ বছর বয়সি এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ। এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে মেহেরপুর সদর উপজেলার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত এক যুবকের হেফাজত থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে, উদ্ধার হওয়া কিশোরী ফতুল্লার ভোলাইল নয়াপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত নাঈম আল হাসান (১৮) মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পিবিআই ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরীর মা সৌদি আরবে থাকায় সে ফতুল্লার ভোলাইল উত্তরপাড়া এলাকায় নানির সঙ্গে বসবাস করত। সেখানে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইমো’র মাধ্যমে নাঈম আল হাসানের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ রয়েছে, পরিচয়ের সূত্র ধরে নাঈম বিভিন্ন সময় ওই কিশোরীকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে সাড়া না দেওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয়।
একপর্যায়ে গত ৬ জুন সকাল ১০টার দিকে বাসা থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান নাঈম। পরে কিশোরীর নানিকে মুঠোফোনে হুমকি দিয়ে বলা হয়, এ বিষয়ে পুলিশকে জানালে নাতনিকে আর জীবিত পাওয়া যাবে না।
ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কিশোরীর কোনো সন্ধান না পেয়ে গত ২৯ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন তার নানি। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়ার পাশাপাশি অপহৃত কিশোরীকে উদ্ধারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশনার পর মামলাটির তদন্ত শুরু করেন পিবিআই নারায়ণগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান। তার নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাঈমের হেফাজত থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর বৃহস্পতিবার কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেন।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় মেহেরপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।





