logo

নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আগুন, পুড়ল ৫ যানবাহন

নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আগুন, পুড়ল ৫ যানবাহন
নারায়ণগঞ্জের আগুনে পুড়ে যাওয়া লেগুনা। ছবি: এশিয়া পোস্ট

এক রাতেই নারায়ণগঞ্জের দুটি উপজেলায় তিনটি পৃথক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তিনটি বাস ও দুটি লেগুনা পুড়ে গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ঘটা এসব নাশকতায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে পরিকল্পিত এসব অগ্নিসংযোগের পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement

তিনটি ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায়। সেখানে মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের পক্ষ থেকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। একই সময়ে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা থ্রি স্টার পরিবহনের একটি বাস এবং চাঁদমারি এলাকায় দুটি লেগুনায় আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটসংলগ্ন মেঘলা বাস ডিপোর সামনে পার্ক করে রাখা দুটি বাসে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলের কাছেই নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

বাসের এক কর্মী জানান, রাত সাড়ে ৩টার দিকে ডিপোর সামনে দুটি বাস দাঁড় করানো ছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়। প্রথমে তাদের ডাকাত বলে মনে হয়েছিল। পরে চিৎকার করলে দুর্বৃত্তদের একজন গুলি করার হুমকি দেয়। এর কিছুক্ষণ পর গুলির মতো একটি শব্দ শুনতে পেয়ে ভয়ে তিনি অন্যদিকে দৌড়ে যান।

তিনি আরও জানান, আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু জানান, গোলাকান্দাইল এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে রূপগঞ্জের ঘটনার কাছাকাছি সময়ে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা থ্রি স্টার পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের ইউটার্নসংলগ্ন এলাকায় পার্ক করে রাখা বাসটিতে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাসটির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা সড়কের পাশে পার্ক করে রাখা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারি এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় লেগুনা দুটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এশিয়া পোস্টকে বলেন, অগ্নিসংযোগের ঘটনাগুলোতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।