logo

হাতকড়া পরেই পালানোর দাবি ছাত্রলীগ নেতার, পুলিশের অস্বীকার

হাতকড়া পরেই পালানোর দাবি ছাত্রলীগ নেতার, পুলিশের অস্বীকার
হাতকড়া পরা আজহার মিয়া। ছবি : ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতকড়া পরা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আজহার মিয়া নামের ওই ব্যক্তিকে পুলিশের কাছ থেকে পালিয়ে আসার দাবি করতে শোনা যায়। তবে পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে কোনো আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্য থেকে জানা গেছে। আজহার মিয়া ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাতকড়া পরা অবস্থায় আজহার মিয়াকে বলতে শোনা যায়, ‘আজকে আওয়ামী লীগ করি বলে বিনা অপরাধে পুলিশ আমাকে বাসা থেকে ধরতে গিয়েছিল। আমি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে এসেছি।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে পুলিশের কাছ থেকে পালিয়ে আসার দাবি এবং হাতকড়া পরা অবস্থায় ভিডিও ধারণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন এশিয়া পোস্টকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। থানা-পুলিশের কাছ থেকে কোনো আসামি পালিয়ে গেছেন, এমন তথ্য আমাদের কাছে নেই। আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছি। ভিডিওটি যাচাই করার চেষ্টা করছি।’

তিনি বলেন, এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন তিনি। তবে থানা-পুলিশের পক্ষ থেকে এমন কোনো ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা তাকে নিশ্চিত করেছেন। ভিডিওটি কোথা থেকে, কার মাধ্যমে বা কোন কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে, সেটিও বিবেচনার বিষয়।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির দেওয়া তথ্য যাচাই না করে বস্তুনিষ্ঠ বলে ধরে নেওয়ার সুযোগ নেই। ভিডিওতে ওই ব্যক্তি যে দাবি করেছেন, তার সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি জানার চেষ্টা চলছে। ওই ব্যক্তি আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট