logo

সিএম লাইসেন্স নবায়ন ছাড়াই থাই অ্যালুমিনিয়াম উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সিএম লাইসেন্স নবায়ন ছাড়াই থাই অ্যালুমিনিয়াম উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা
হেং ফেং ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে সিএম লাইসেন্স নবায়ন না করে অ্যালুমিনিয়াম পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত ‘এক্সট্রুডেট প্রোফাইল অব অ্যালুমিনিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম অ্যালয় (থাই অ্যালুমিনিয়াম)’ পণ্যের সিএম লাইসেন্স নবায়ন না করেই উৎপাদন ও বিক্রয়-বিতরণ করছিল ‘হেং ফেং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’।

অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে. এম. হানিফ এবং সহকারী পরিচালক (মেট) মো. রাকিবুল আলম।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী মো. মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) এবং মো. রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম)।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পণ্যের মান নিশ্চিত করা এবং জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।