logo

তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরে বিজিবির সতর্ক অবস্থান। পুরোনো ছবি

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

গাজীপুরে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখাই এ মোতায়েনের মূল লক্ষ্য।

এদিকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট