logo

৩০০ ফিটে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই বন্ধু নিহত

৩০০ ফিটে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই বন্ধু নিহত
পূর্বাচলে ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ভূঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রূপগঞ্জ উপজেলার দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া ও বেল্লারটেক এলাকার কামালের ছেলে ইয়াছিন। আহত শ্রাবণ মিয়া বাঘবের সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।

পুলিশ জানায়, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে তারা ভূঁইয়াবাড়ী ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ইয়াছিন নিহত হন। গুরুতর আহত হন শ্রাবণ মিয়া।

ওসি এএইচএম সালাউদ্দিন আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।