Advertisement

এক বছরে পাকশী রেলওয়েতে পৌনে ৪ কোটি টাকার অবৈধ দ্রব্য জব্দ

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
এক বছরে পাকশী রেলওয়েতে পৌনে ৪ কোটি টাকার অবৈধ দ্রব্য জব্দ
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মেহেদী হাসান। ছবি: এশিয়া পোস্ট

২০২৫ সালের ২০ জুলাই থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত গত এক বছরে বিভিন্ন অভিযানে বিপুল মাদকসহ ৩ কোটি ৭৪ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ দ্রব্য জব্দ করেছে পাবনার ঈশ্বরদীস্থ পাকশী রেলওয়ে জেলা পুলিশ। এসব অভিযানে ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) দুপুরে পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইনের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মেহেদী হাসান।

তিনি জানান, বিভিন্ন রেলস্টেশন এলাকা এবং আন্তঃনগর এক্সপ্রেস, মেইল ও লোকাল ট্রেনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ৪১ কেজি, হেরোইন ৪ কেজি ৬০০ গ্রাম, ইয়াবা ৫২৮ পিস, নেশাজাতীয় ইনজেকশন (এ্যাম্পল) ১ হাজার ১২৬ পিস, ট্যাপেনটাডল ট্যাবলেট ৪০২ পিস, কোডিনযুক্ত এসকপ ৬৪০ বোতল, ফেনসিডিল ১৫০ বোতল, দেশীয় মদ ১৩ বোতল, কোডিন ফসফেট ৩০ বোতল এবং ৩০ বোতল কোডিনযুক্ত এমকে ড্রিল।

এ সময় রেলওয়ে পুলিশের পাকশী জেলার পুলিশ সুপার ও সাংবাদিকদের মধ্যে রেলপথে যাত্রীদের নিরাপত্তা জোরদার, ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ, টিকিট কালোবাজারি ও অপরাধ দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সভায় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পাকশী রেলওয়ে জেলা পুলিশের সাব ইন্সপেক্টর মাহাতাব আলী ও রুহুল আমিনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক ও পাকশী রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় :