logo
Advertisement

রাশিয়ায় যাওয়ার ৪২ দিনের মাথায় ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
রাশিয়ায় যাওয়ার ৪২ দিনের মাথায় ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
নিহত মাফল। ছবি : সংগৃহীত

বেশি বেতনে রাজমিস্ত্রির কাজের প্রলোভনে রাশিয়ায় গিয়ে মাত্র এক মাস ১২ দিনের মাথায় ড্রোন হামলায় নিহত হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক।

Advertisement

রোববার (১৪ জুন) তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে স্বজনদের কাছে পৌঁছায়।

নিহত মাফল (২৪) মাদারগঞ্জ উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ১২ দিন আগে কর্মসংস্থানের উদ্দেশে রাশিয়ায় যান মাফল। গত ২৯ মে থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। দীর্ঘদিন খোঁজ না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও বার্তার মাধ্যমে পরিবার জানতে পারে, ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন। রাশিয়ায় যাওয়ার পর মাফল একাধিকবার মোবাইল ফোনে জানিয়েছিলেন, তাকে যে কাজের কথা বলে নেওয়া হয়েছিল, সেই কাজ দেওয়া হয়নি। পরিবর্তে তাকে জোরপূর্বক সামরিক ক্যাম্পে আটকে রেখে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। ওই সময় তিনি পরিবারের সদস্যদের কাছে দোয়া চেয়েছিলেন।

নিহতের মা মাহফুজা বলেন, আমার ছেলে কাজের জন্য বিদেশে গিয়েছিল। এখন শুনছি, সে আর বেঁচে নেই। আমার ছেলের মরদেহ দেশে ফেরত চাই। যারা তাকে বিদেশে নিয়ে গেছে, আমি তাদের বিচার চাই।

স্বজনদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট
স্বজনদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

নিহতের বড় বোন কণিকা বলেন, দালালরা আমার ভাইকে রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা বলে রাশিয়ায় নিয়ে যায়। আমার ভাইসহ প্রায় ৩০ জন সেখানে গিয়েছিল। পরে জানতে পারি, তাদের রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আমার ভাই ফোনে কাঁদতে কাঁদতে বলেছিল আমাদের বাঁচাও। কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। এখন শুনছি সে মারা গেছে। আমরা আমার ভাইয়ের মরদেহ দেশে ফেরত চাই।

নিহতের চাচা আনিস বলেন, আমার ভাতিজাকে তারা রাজমিস্ত্রির কাজের কথা বলেছিল। পরে জানতে পারি তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখান থেকে তাকে যুদ্ধের ময়দানে পাঠানো হয়। সরকার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, যেন আর কোনো বাংলাদেশি এমন দালাল চক্রের শিকার না হয়। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, রাশিয়ায় নিহত মফিজের বিষয়ে আমাকে কেউ এখনও জানায়নি। ভুক্তভোগীরা যেন দূতাবাসে যোগাযোগ করেন। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব, যেন লাশগুলো দেশে আনার ব্যাপারে দূতাবাসকে চিঠি দেওয়া হয়।