logo

খুলনায় বাড়ি ফেরার পথে চরমপন্থি দলের নেতাকে গুলি করে হত্যা

খুলনায় বাড়ি ফেরার পথে চরমপন্থি দলের নেতাকে গুলি করে হত্যা
মানচিত্রে খুলনা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

খুলনার দিঘলিয়া উপজেলায় নিষিদ্ধ চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা মো. নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাসিম ফরমাইজখানা এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, একটি চায়ের দোকানে চা পান করেন নাসিম। সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা হলে ফায়ার সার্ভিসের সামনে দুই ব্যক্তি তার পথরোধ করে গুলি ছোড়ে। কয়েক রাউন্ড গুলি করার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুলিতে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নাসিমকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুই ব্যক্তি। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, হত্যার সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।