দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল পথচারীর

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় বিল্লাল হোসেন নামের এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (৩১ মে) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজিগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন হাজীগঞ্জ বাজারের ডক্টরস্ সিটি স্ক্যান হাসপাতালের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, কর্মস্থল থেকে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে গাড়ির অপেক্ষায় ছিলেন বিল্লাল। হঠাৎ বোগদাদ পরিবহন ও আইদি পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় তিনি চাপা পড়েন।
নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভুঁইয়া জানান, নিহত বিল্লালের তিন সন্তান রয়েছে। তিনি শাহরাস্তি উপজেলার মুড়াগাঁও ভুঁইয়া বাড়ীর বাসিন্দা ছিলেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
