Advertisement

রাজশাহী শিক্ষা বোর্ডে ফাঁকা কক্ষেও চলে এসি-ফ্যান

এশিয়া পোস্ট নিউজ, রাজশাহী
রাজশাহী শিক্ষা বোর্ডে ফাঁকা কক্ষেও চলে এসি-ফ্যান
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সরকারের নানা নির্দেশনা থাকলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে। কর্মকর্তা-কর্মচারী না থাকা সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা ফাঁকা কক্ষে এসি ও ফ্যান চালু রাখার প্রমাণ মিলেছে। এতে বিদ্যুতের অপচয়ের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Advertisement

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের ভাণ্ডার শাখায় গিয়ে দেখা যায়, উপসচিব দুরুল হোদার কক্ষটি পুরো ফাঁকা। কিন্তু কক্ষে কেউ না থাকলেও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও ফ্যান চালু রয়েছে। স্থানীয় ও সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রায়ই কর্মকর্তা-কর্মচারী না থাকলেও এসি, ফ্যান ও লাইট চালু রাখা হয়।

বিদ্যুৎ অপচয়ের বিষয়ে জানতে চাইলে উপসচিব দুরুল হোদা এশিয়া পোস্টকে বলেন, আমার বিষয়ে কোনো অভিযোগ থাকলে সচিবকে জানান। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।

অন্যদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়ে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী এশিয়া পোস্টকে জানান, এর আগেও আমার কাছে এ ধরনের অভিযোগ এসেছে। বেশ কয়েকবার তাদের সতর্ক করে নোটিশও দেওয়া হয়েছে। তারপরেও তারা যদি বিদ্যুৎ এভাবে অপচয় করে থাকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।

বিষয় :