টিকা দেওয়ার পর শিশুর পায়ে পুঁজ-রক্তক্ষরণ, স্বাস্থ্যকর্মী বললেন ‘ভুল হতেই পারে’

লক্ষ্মীপুরের রামগঞ্জে টিকা দেওয়ার পর ১১ মাস বয়সি এক শিশুর ডান পায়ে পুঁজ ও রক্তক্ষরণ দেখা দিয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) অভিযোগের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন শিশুটির বাবা রফিকুল ইসলাম।
ভুক্তভোগী শিশুটির নাম জায়ান ইসলাম। সে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইয়েনগর গ্রামের মিজি বাড়ির রফিকুল ইসলামের ছেলে।
পরিবারের ভাষ্য, গত ২৭ জুলাই জায়ানকে হামের টিকা দেওয়ার জন্য দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর পোদ্দার বাড়ির টিকাদান কেন্দ্রে নেওয়া হয়। সেখানে নিয়মিত টিকা প্রদানকারী শারমিন আক্তার শিশুটির ডান পায়ে, হাঁটুর কিছুটা নিচে টিকা দেন। এরপর থেকেই ওই স্থানে জটিলতা দেখা দেয় বলে পরিবার অভিযোগ করে।
শিশুটির দাদি রেহানা আক্তার জানান, টিকা দেওয়ার পর শিশুটির পায়ে সমস্যা দেখা দিলে বিষয়টি টিকা প্রদানকারীকে জানানো হয়। কিন্তু তারা যথাযথ গুরুত্ব দেয়নি। এসময় টিকা প্রদানকারীর স্বামী রাজনীতির সঙ্গে জড়িত— বলে তাদের ভয়ভীতি দেখানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত টিকা প্রদানকারী শারমিন আক্তার এশিয়া পোস্টকে বলেন, ভুল হতেই পারে। বিষয়টি নিয়ে অতিরিক্ত মাতামাতি করা হচ্ছে।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি অবগত হয়েছি। শিশুটির পরিবারকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে শিশুটিকে সরকারি হাসপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
টিকা দেওয়ার স্থানের বিষয়ে ভুল হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শারমিন আক্তার অনেক শিশুকে টিকা দিয়েছেন। বিষয়টি ভুল হয়েছে এবং শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এদিকে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান এশিয়া পোস্টকে বলেন, শিশুটির পরিবার একটি লিখিত আবেদন করেছে। আবেদনের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।



