logo

দখল হওয়া বিদ্যালয়ের মাঠ এক ঘণ্টায় মুক্ত করল শিক্ষার্থীরা

দখল হওয়া বিদ্যালয়ের মাঠ এক ঘণ্টায় মুক্ত করল শিক্ষার্থীরা
দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও কাঠের দোকান উচ্ছেদ শেষে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ছবি : এশিয়া পোস্ট

দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দখল এক ঘণ্টার মধ্যে মুক্ত করেছে সাধারণ শিক্ষার্থীরা। সিরাজুল নামের এক কাঠ ব্যবসায়ী এত দিন মাঠটির একাংশ দখল করে নিজের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থী একত্রিত হয়ে মাঠের দখলকৃত অংশে অবস্থান নেয়। পরে তাদের সম্মিলিত উদ্যোগে মাঠটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়। তবে দখলমুক্ত করার সময়ে দখলকারীদের অতর্কিত হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা পরবর্তীতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে মাঠের একটি অংশ দখল করে কাঠের গুঁড়ি রাখা ও কেনাবেচা করা হচ্ছিল। এর ফলে শিক্ষার্থীদের খেলাধুলা এবং স্বাভাবিক চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও স্থানীয় অধিবাসীদের মনে দীর্ঘদিন ধরেই ক্ষোভ পুঞ্জীভূত ছিল।

বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে মাঠের অবৈধ স্থাপনা ও কাঠ সরানোর কাজ শুরু করে। শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দ্রুত পদক্ষেপের মুখে দীর্ঘদিনের জবরদখল মুক্ত হয় মাঠটি।

শিক্ষার্থীরা আরও বলে, বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও যেন মাঠের কোনো অংশ অবৈধভাবে দখল না হয়, সে বিষয়ে প্রশাসনের স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এ বিষয়ে নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ বলেন, সিরাজুল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন এবং নিয়মিত চুক্তিভিত্তিক ভাড়া পরিশোধ করতেন। কিন্তু গত তিন মাস ধরে তিনি ভাড়া দেওয়া বন্ধ করে দেন এবং জায়গাটিকে নিজের দাবি করে জবরদখল করে রাখেন।