সেন্টমার্টিনে পরিবেশ দূষণের দায়ে রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগে একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সৈকতের বালুচরে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানো এবং নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে দ্বীপের বিভিন্ন রিসোর্টে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শনে অভিযান চালানো হয়। এ সময় ‘স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্টে’ বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম জানান, রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার কাজে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের বিষয়টিও সরেজমিন তদন্তে উঠে আসে।
তিনি জানান, রিসোর্ট কর্তৃপক্ষ প্রথমে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে। তবে সরেজমিন তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ‘সূর্য স্নান’ ও ‘সান অ্যান্ড স্যান্ড টুইন বিচ রিসোর্ট’ নামের আরও দুটি প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনায় অসংগতি পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।
এদিকে সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি সেন্টমার্টিনের সমুদ্রসীমায় নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্টগার্ড ও বিচকর্মীরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

