logo

বগুড়ায় নদীর স্রোতে ভেসে যাওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ায় নদীর স্রোতে ভেসে যাওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
স্কুলছাত্র তীর্থ সাহা। ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে পরিবারসহ গোসলে নেমে স্রোতে ভেসে নিখোঁজ হওয়া স্কুলছাত্র তীর্থ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাতটার দিকে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

শুক্রবার বিকেলে তীর্থ তার মা তৃষা সাহা, বোন মেঘা সাহা, চাচি লক্ষ্মী কর্মকার, চাচাতো ভাই বিশাল সাহা ও চাচাতো বোন ভূমি সাহাসহ বেশ কয়েকজন মিলে উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসলে নামেন।

নদীর তীব্র স্রোতে তীর্থ সাহা ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন ও রাজশাহীর একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। অন্ধকার হয়ে যাওয়ায় শুক্রবার অভিযান সাময়িক স্থগিত করা হয়। শনিবার ভোরের দিকে আবারও অভিযান শুরু হলে আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তীর্থের মরদেহ উদ্ধার করা হয়।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।