যৌতুকের দাবিতে ৯ মাসের মেয়েকে আছাড় মেরে আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে নয় মাস বয়সী মেয়েকে আছাড় মেরে ও কামড়ে আহত করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রিনা বেগম আড়াইহাজার থানায় মামলা করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া এলাকার সোহেল মোল্লা (২৪) ও তার সহযোগীরা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সোহেল মোল্লার সঙ্গে রিনা বেগমের বিয়ে হয়। নয় মাস আগে তাদের মেয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোহেল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গত ৫ আগস্ট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান রিনা। এর দুই দিন পর ৭ আগস্ট সকাল ১০টার দিকে আড়াইহাজার পৌরসভার কামরানীরচর মধ্যপাড়া এলাকায় তার বাবার বাড়িতে যান সোহেল। সেখানে গিয়ে শিশুটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সোহেল। রিনা ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে শিশুটিকে খাট থেকে মেঝেতে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। পরে শিশুটির বাম পায়ের ঊরুতে কামড় দিয়ে জখম করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, এসব দেখে শিশুটির মা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এ সময় রিনা ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যান সোহেল।
আহত শিশুকে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে শিশুটিকে সেখানে ভর্তি করা হয়।
শিশুর মা রিনা বলেন, যৌতুককে কেন্দ্র করে স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় তাকে নির্যাতনের পর এবার তার নয় মাসের মেয়েকে মারধর করা হয়েছে।
শিশুটির নানা-নানি জানান, ঘটনার সময় শিশুটিকে আছাড় দেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত ছিলেন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে থামান। সময়মতো স্থানীয়রা এগিয়ে না এলে শিশুটির প্রাণহানিও ঘটতে পারত বলে দাবি করেন তারা।
এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত বাবা সোহেল মোল্লার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন এশিয়া পোস্টকে বলেন, শিশুটিকে আছাড় মেরে ও কামড়ে আহত করার অভিযোগে তার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগ পাওয়া মাত্রই গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক ও যৌতুক সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, অভিযুক্ত আসামি সোহেল পলাতক রয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
.png)


