logo
Advertisement

ইসকন নেতা চিন্ময় দাসের মা মারা গেছেন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চট্টগ্রাম, চট্টগ্রাম
ইসকন নেতা চিন্ময় দাসের মা মারা গেছেন
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও তার মা সন্ধ্যা রাণী ধর। ছবি: এশিয়া পোস্ট

আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক সংগঠক ও কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রাণী ধর (৭১) মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে অবস্থিত পুণ্ডরীক ধামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুসফুসে সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সন্ধ্যা রাণী ধর। তিনি নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তার শেষ ইচ্ছা অনুযায়ী বুধবার রাতে তাকে পুণ্ডরীক ধামে নেওয়া হয়, যেখানে কারাবন্দি চিন্ময় আগে সেবায়েত হিসেবে ছিলেন।

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে আবারও প্যারোলে মুক্তির আবেদন করা হচ্ছে বলে জানিয়েছেন তার বড় ভাই রঞ্জন কুমার ধর। এর আগে বুধবার অসুস্থতার কারণে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও আইনি বিধান না থাকায় তা নাকচ হয়েছিল। তবে মৃত্যুর পর নতুন করে আবেদন করা হচ্ছে।

প্যারোলে মুক্তির প্রক্রিয়া সম্পর্কে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নেওয়া হবে না। যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই আবেদনকারীদের সংশ্লিষ্ট আদালতের শরণাপন্ন হয়ে আদেশ নিতে হবে।

চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মোহাম্মদ ছগির মিয়া জানান, আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট যেভাবে নির্দেশনা দেবেন, কারাকর্তৃপক্ষ সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, প্যারোলে মুক্তি পেলে চিন্ময় কৃষ্ণ দাসকে হাটহাজারীতে আনা হতে পারে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুণ্ডরীক ধামে অতিরিক্ত রিজার্ভ ফোর্সসহ পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্যারোলে মুক্তির অনুমতি মিললে বন্দিকে আনা-নেওয়ার রুটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পারিবারিক নাম চন্দন কুমার ধর। তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। ২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন তিনি। পরদিন তাকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে, যার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ওই হত্যা মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে চিন্ময়ের বিরুদ্ধে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন এবং আইনজীবী হত্যা মামলাটির বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলছে।