logo

খুনের মামলায় সাংবাদিক আসামি, চেনেন না বাদী

খুনের মামলায় সাংবাদিক আসামি, চেনেন না বাদী
বদলগাছী থানা। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁর বদলগাছীতে সরকারি অর্পিত (ভিপি) জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামের এক যুবক নিহতের ঘটনায় মামলা হয়েছে। তবে ১৫ জনের বিরুদ্ধে করা সেই মামলায় রাসেল রানা নামের স্থানীয় এক সাংবাদিককে আসামি করা নিয়ে ব্যাপক বিতর্ক ও অসন্তোষ তৈরি হয়েছে। তবে মামলার বাদী জানিয়েছেন, তিনি ওই সাংবাদিককে চেনেন না এবং ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না।

​স্থানীয় সূত্র ও এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের খোর্দ্দ ভুবন মৌজায় থাকা প্রায় ১৪ বিঘা সরকারি অর্পিত জমির দখল ও ফসল নষ্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ রানা গত ১৫ সেপ্টেম্বর সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মাসুদ রানা ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে।

​পরদিন ১৬ সেপ্টেম্বর রাতে নিহতের ছোট ভাই রিফাত হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার ১৫ নম্বর আসামি করা হয়েছে ‘টাইমস টুডে’ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি রাসেল রানাকে। ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা ও জেলা সাংবাদিক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​আসামি করা সাংবাদিক রাসেল রানা দাবি করেন, ঘটনার দিন তিনি দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ছিলেন। বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরানের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন সংবাদ প্রকাশ করার জেরে প্রতিশোধমূলকভাবে চেয়ারম্যানের নির্দেশে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।

​সাংবাদিককে আসামি করার বিষয়ে মামলার বাদী রিফাত হোসেন এশিয়া পোস্টকে জানান, তিনি ১৫ নম্বর আসামি সাংবাদিক রাসেল রানাকে চেনেন না।

রিফাত বলেন, আমার সামনেই ভাইকে রাজা, জাহাঙ্গীর, কুদ্দুস ও ফটিক মিলে মারধর করেছে। আমি সাংবাদিক রাসেলকে চিনি না।

তবে মামলায় তার নাম কীভাবে এলো— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মামলা দায়েরের সময় তাদের সঙ্গে ইউপি চেয়ারম্যান আল এমরান ও তার চাচা ভুট্টু ছিলেন। কে ওই নাম অন্তর্ভুক্ত করেছে তা জানা নেই।

​অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান। তিনি দাবি করেন, জমির দখল নিয়ে সংঘর্ষের বিষয়ে তিনি জানলেও কাকে আসামি করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না এবং বাদীর সঙ্গে থানায় যাওয়ার কথাটি অস্বীকার করেন তিনি।

​স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বিবাদমান ১৪ বিঘা অর্পিত জমি দীর্ঘদিন ধরে আসামি পক্ষের কৃষকেরা লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলেন। চলতি বছর নিহত মাসুদের পরিবার ও প্রতিপক্ষ— উভয় পক্ষ লিজের আবেদন করলেও কোনো পক্ষই অনুমোদন পায়নি। তবে জমিতে থাকা পূর্বের ফসল নষ্ট করার অভিযোগকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়।

​মামলার বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এশিয়া পোস্টকে জানান, ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে সাংবাদিক রাসেল রানার হত্যাকাণ্ডে কোনো সম্পৃক্ততা না পাওয়া গেলে চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হবে।