কনেশতলা-শ্রীপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কনেশতলা-শ্রীপুর-কালির বাজার সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে চলমান সড়ক সংস্কারকাজ ধীরগতিতে হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে প্রতিদিন ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বুধবার সকালে সামান্য বৃষ্টিতেই সড়কের পাশের অংশ পানিতে তলিয়ে যায়। এতে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে রাখা হয়েছে। কয়েকটি কালভার্ট নির্মাণকাজ চলমান থাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। এর সঙ্গে বৃষ্টির পানি জমে কাদাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ চললেও দৃশ্যমান অগ্রগতি খুব কম। এতে জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় কাজে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে বিকল্প চলাচলের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
শ্রীপুর এলাকার বাসিন্দা মাসুম বলেন, রাস্তা মেরামতের কাজ হচ্ছে, এটা ভালো। কিন্তু কালভার্টগুলোর কাজ দ্রুত শেষ করে চলাচলের ব্যবস্থা করলে আমরা অন্তত বাজার ও শহরে যেতে পারতাম। এই সড়ক দিয়েই স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে।
বাড়াইপুর এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, আমরা যারা কর্মজীবী মানুষ, প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করি। কিন্তু কাজ এত ধীরগতিতে কেন চলছে, বুঝতে পারছি না। এখন চলাচলই কঠিন হয়ে পড়েছে।
কনেশতলা এলাকার বাসিন্দা রনি বলেন, রাস্তার কাজের কারণে আগেই সমস্যা ছিল। এখন আবার বৃষ্টির পানি জমে থাকায় সামান্য যে চলাচল করা যেত, সেটিও সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।
