চাঁদাবাজদের কোনো ছাড় নেই: পরিবেশমন্ত্রী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশে কোনো চাঁদাবাজের স্থান বা ছাড় নেই। চাঁদাবাজ যদি আমার ছেলেও হয়, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। চাঁদাবাজির কারণে দেশে অশান্তি নেমে আসে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ বিনষ্ট হয়। আর একটি দেশে যদি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সঠিকভাবে না হয়, তবে কর্মসংস্থান সৃষ্টি হয় না। ফলে বেকারত্ব বাড়ে, যা আমাদের সার্বিক অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ফেনীর দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। দেশে বর্তমানে আশানুরূপ বিনিয়োগ হচ্ছে না। অথচ বিনিয়োগ নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকের ওপর। এ বিষয়ে আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে। আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের পাশাপাশি দেশজ সম্পদের ব্যবহার বাড়াতে হবে। সামাজিক বৈষম্য কমিয়ে আনতে হবে, যাতে কেউ বৈষম্যের শিকার না হয়।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানে আমাদের গুরুত্ব দিতে হবে। বর্তমানে দেশে শারদীয় দুর্গোৎসব চলছে; এ বিষয়ে আমাদের চোখ-কান খোলা রাখতে হবে, যাতে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বা বিশৃঙ্খলা তৈরি করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হায়দার লিটনের সভাপতিত্বে ও ব্যবসায়ী গোলাম রসুল মেননের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সফিকুর রহমান, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন ও উপজেলা জামায়াতের সাবেক আমির এ এস এম নূর নবী দুলালসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা।
