৩১ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে

কক্সবাজারের ইনানী ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় গ্যাসকূপে টানা ৩১ দিন ধরে জ্বলতে থাকা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এরই মধ্যদিয়ে দীর্ঘদিনের আগুন, ধোঁয়া ও নিরাপত্তা ঝুঁকি থেকে আপাতত স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
বাপেক্সের কর্মকর্তারা বলেন, কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়ায় কূপের মুখে চাপ কমে আসে। এরপর ধীরে ধীরে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
বাপেক্সের ড্রিলিং সুপারেনডেন্ট মোহাম্মদ রকিবুল হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণের কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। বিশেষ কারিগরি পদ্ধতিতে কেসিং স্থাপন ও ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। এতে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে এবং আগুন নিভে যায়। আগুন নিভলেও কূপটিকে সম্পূর্ণ নিরাপদ করতে আরও কয়েকটি ধাপ বাকি রয়েছে। বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, কূপের গভীরতা বিবেচনায় ড্রিল পাইপ পুনরায় প্রবেশ করিয়ে প্রায় ১ হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় কূপের ভেতরে ড্রিলিং মাড ব্যবহার করে ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে।
বাপেক্সের কর্মকর্তারা জানান, এক হাজার ফুট পর্যন্ত খনন শেষে কূপের ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ চাপের ভারসাম্য প্রতিষ্ঠার কাজ করা হবে। এরপর প্রয়োজনীয় মাড ব্যবহার করে ভূগর্ভ থেকে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হওয়ার পথ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম সম্পন্ন হলে কূপটিকে নিরাপদ অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালু বলেন, কেসিং স্থাপন এবং ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এখন ধাপে ধাপে কূপটিকে নিরাপদ করে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য প্রস্তুত করা হবে।
তিনি আরও জানান, কূপটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পর এলাকায় নতুন করে জিওলজিক্যাল সার্ভে ও সিসমিক সার্ভে (ভূ-পদার্থবিজ্ঞানের একটি পদ্ধতি) পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য বিশ্লেষণ করে ওই এলাকায় বাণিজ্যিকভাবে গ্যাসের মজুত রয়েছে কি না, তা মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছেন বাপেক্সের কারিগরি কর্মকর্তারা।
বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান বলেন, নমুনা দুটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, উপাদান ও গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি গ্যাসটির সম্ভাব্য বাণিজ্যিক মূল্যায়নেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাপেক্সের কর্মকর্তা রকিবুল হাসান জানান, নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গ্যাসের গুণগত মান ও ভবিষ্যৎ অনুসন্ধানের সম্ভাবনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
গত ২৭ অক্টোবর ইনানী ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস বের হতে শুরু করে। কিছুক্ষণ পর পাশের বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট স্পার্কের কারণে গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো এলাকা আগুনের শিখায় আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর থেকে টানা ৩১ দিন ধরে দিন-রাত জ্বলতে থাকে আগুন।

