মাঠে ফেরার আগেই নতুন দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন শেষে পেয়েছিলেন চিকিৎসকদের ছাড়পত্রও। তবে মাঠে ফেরার আগেই নতুন দুঃসংবাদ পেলেন বাংলাদেশের এই গতিতারকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাহিদ। এতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে নাহিদকে। রক্তে প্লেটলেটের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ডেঙ্গুর কারণে শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়ে। নাহিদের সুস্থ হয়ে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আগামী ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে পাঁজরের পাশের মাংসপেশিতে দ্বিতীয় মাত্রার চোট পেয়েছিলেন নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি।
পুনর্বাসন প্রক্রিয়া চলাকালেই নতুন করে নিতম্বের পেশিতে চোট পান নাহিদ। যে কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও খেলা হয়নি তার। পরে নিতম্বের অস্থিসন্ধির তরুণাস্থিতে চিড় ধরা পড়ায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান এই পেসার।
অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা ও পুনর্বাসন শেষে সম্প্রতি দেশে ফিরেছিলেন নাহিদ। সেখানে বোলিংও শুরু করেছিলেন তিনি। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই পেসারকে ফেরাতে তাড়াহুড়ো করতে চায়নি বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। এবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আরও দীর্ঘায়িত হলো তার অপেক্ষা।
এদিকে আরেক পেসার হাসান মাহমুদকে নিয়েও দুশ্চিন্তায় রয়েছে বিসিবি। কনুইয়ের পুরোনো চোট ফিরে আসায় দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন তিনি। আরও পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডে পাঠানো হতে পারে। বিসিবির সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, হাসানের কাউন্টি দল কেন্ট সেই ব্যবস্থা করছে। গত মৌসুমে ক্লাবটির পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের এই পেসার।
আগামী ১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি।



