logo

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ফিরতে পারেন নাহিদ রানা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ফিরতে পারেন নাহিদ রানা
নাহিদ রানা। পুরোনো ছবি

দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে বাংলাদেশের ক্রিকেটে স্বস্তির খবর। অস্ট্রেলিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন শেষে পুরোদমে বোলিং শুরু করেছেন গতিতারকা নাহিদ রানা। দেশটির বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে ওয়ানডে ক্রিকেটে ফেরার ছাড়পত্রও দিয়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে জাতীয় দলে ফেরার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের সঙ্গে দেখা করেছেন নাহিদ। নিজের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যও জানিয়েছেন তিনি।

Advertisement

বিসিবির একটি সূত্র ক্রিকবাজকে বলেছে, ‘সে বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করেছে। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছে সে।’

তবে চিকিৎসকদের ছাড়পত্র পাওয়া মানেই জাতীয় দলে ফেরা নিশ্চিত হয়ে যাওয়া নয়। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকায় নাহিদের বোলিংয়ের চাপ নেওয়ার সক্ষমতা এবং সামগ্রিক ফিটনেসও মূল্যায়ন করতে হবে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পূর্ণ শক্তিতে বোলিং করছেন ২৩ বছর বয়সী এই পেসার। তার পুনর্বাসনের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য আগামী ২৪ নভেম্বর পর্যন্ত একটি পরিকল্পনা তৈরি করেছে বিসিবির চিকিৎসক দল।

এরপর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে নাহিদকে খেলানো হবে কি না। অর্থাৎ অস্ট্রেলিয়ার চিকিৎসকদের ইতিবাচক প্রতিবেদনের পরও নাহিদের ম্যাচ খেলার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে শরীরের পাশের পেশিতে গ্রেড-২ স্ট্রেইনের চোট পান নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি।

এরপর পুনর্বাসনের সময় নিতম্বের পেশিতে নতুন করে সমস্যা দেখা দেয়। ফলে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও অংশ নিতে পারেননি এই পেসার।

পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় তার ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ার সমস্যাও শনাক্ত হয়। এই চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যান নাহিদ। দক্ষিণ আফ্রিকায় চলমান টেস্ট সিরিজের দলেও জায়গা হয়নি তার।

উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়ায় যান বাংলাদেশের এই গতিতারকা। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ সময় কাটানোর পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।

এর আগে গত ৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণার সময় নাহিদকে নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

তখন বাশার বলেছিলেন, নাহিদের সঙ্গে তার কথা হয়েছে। তরুণ এই পেসার নিজে দ্রুত মাঠে ফিরতে আগ্রহী। তবে চোটের কথা বিবেচনা করে তাকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চান না নির্বাচকেরা।

প্রধান নির্বাচকের ভাষ্য অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজে নাহিদকে পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি ছিল। ওয়ানডেতে তাকে খেলানোর জন্য কিছুটা ঝুঁকি নিতে হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আগামী ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইস্ট লন্ডনে প্রথম ম্যাচের পর ৪ ডিসেম্বর গেবেখায় দ্বিতীয় এবং ৭ ডিসেম্বর কেপটাউনে শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে নাহিদের গতি বাংলাদেশের পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করতে পারে। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করার সামর্থ্য রয়েছে তার। তবে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষেত্রে ফিটনেসের পাশাপাশি ম্যাচের চাপ সামলানোর সক্ষমতাও গুরুত্বপূর্ণ।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট