logo

সন্তানদের অবহেলায় গাছতলায় আশ্রয় নেওয়া বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সন্তানদের অবহেলায় গাছতলায় আশ্রয় নেওয়া বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
কোটালীপাড়ায় আশ্রয়হীন বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার হাতে প্রধানমন্ত্রীর উপহার ও সহায়তা পৌঁছে দিচ্ছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিরা। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯৫ বছর বয়সি বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার খবর প্রকাশের পর তার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে হাজী শামসুল হক মোল্লার বাড়িতে যায়। এ সময় প্রতিনিধিদল বৃদ্ধের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।

সাক্ষাৎকালে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রী বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন। সরেজমিনে এসে আমরা জানতে পেরেছি, তার ছেলেরা তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।

৯৫ বছর বয়সি হাজী শামসুল হক মোল্লা জীবনসংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে দুই ছেলে ও চার মেয়েকে মানুষ করেছেন। সম্প্রতি নিজের জমিজমা ছয় সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পর তিনি আশ্রয়হীন হয়ে পড়েন। একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলে তিনি বাড়ির পাশের একটি গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হন।

এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে তারই নির্দেশনায় বৃদ্ধের খোঁজখবর নিতে এই প্রতিনিধিদল পাঠানো হয়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয়রা।