logo

সংঘর্ষের শঙ্কায় অভিযান, টেঁটাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

সংঘর্ষের শঙ্কায় অভিযান, টেঁটাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুপক্ষের সংঘর্ষের শঙ্কায় অভিযান চালিয়ে টেঁটাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা এলাকায় থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আমগ্রাম এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পরে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজৈর থানার সেকেন্ড অফিসার এসআই ফরিদসহ পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় আমগ্রাম এলাকার বিভিন্ন স্থান থেকে টেঁটা, ঢাল, রামদা, কাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের আকস্মিক অভিযানের কারণে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য এলাকায় পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, রাজৈর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।