logo

সালিশে যুবকের চোখ, হাত-পা বেঁধে মারধরের ভিডিও ভাইরাল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
সালিশে যুবকের চোখ, হাত-পা বেঁধে মারধরের ভিডিও ভাইরাল
সালিশে যুবককে মারধর। ছবি: ভিডিও থেকে নেওয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সালিশ বৈঠকে এক যুবকের চোখ ও হাত-পা বেঁধে মারধরের একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার যুবকের নাম হবি মিয়া। তিনি নারুই গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে।

শুক্রবার পুলিশ জানায়, ভাইরাল ভিডিও ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওতে দেখা যায়, প্রথমে জনসম্মুখে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয় হবি মিয়াকে। গামছা দিয়ে তার চোখ বেঁধে দেওয়া হয় এবং দড়ি দিয়ে হাত বাঁধা হয়। তাকে মাটিতে বসিয়ে হাত-পা বিশেষ কায়দায় বেঁধে একটি পাইপ প্রবেশ করানো হয়। তাকে মাটিতে শুইয়ে কয়েকজন মিলে চেপে ধরে রাখেন। একজন লাঠি দিয়ে তার পায়ে আঘাত করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মাদক নির্মূল কমিটি’ নামে একটি স্থানীয় সংগঠন সালিশটি ডাকে। সেখানে মাদক কারবারের অভিযেগে হবি মিয়াকে উপস্থিত করা হয়। বিচার প্রক্রিয়ার পরিবর্তে তার ওপর নির্যাতন চালানো হয়। ঘটনার সময় উপস্থিত ছিলেন হবি মিয়ার মা ও স্ত্রী।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় কয়েকজন ব্যক্তি যাদের মধ্যে মোকাররম, মোহসিন, তাজু ও হানিফ মেম্বারের নাম উঠে এসেছে; তারা নির্যাতনের ঘটনায় জড়িত ছিলেন।

নবীনগর থানার শিবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নূর নবী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা ব্যক্তিরা পলাতক রয়েছেন। হবি মিয়া এবং তার পরিবারের সদস্যদেরও বাড়িতে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, হবি মিয়ার বিরুদ্ধে এলাকায় মাদক কারবারের অভিযোগ রয়েছে। অভিযোগ থাকলেই কাউকে আইনের বাইরে গিয়ে শাস্তি দেওয়ার সুযোগ নেই। সালিশের নামে এ ধরনের নির্যাতন কোনোভাবে গ্রহণযোগ্য নয়।