বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় মিস্টার সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেজ থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খনির ভূগর্ভের ভেন্টিলেটর সাইডের শ্রমিক ছিলেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
খনি শ্রমিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) রাত ১১টায় খনির ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেজে (কূপ) কাজ করার জন্য নিচে নামেন মিস্টার সিং। এরপর রাত ৩টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খনি কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নিশ্চিত করতে না পারলেও শ্রমিকদের ধারণা, ভূগর্ভে অক্সিজেন স্বল্পতার কারণে তার মৃত্যু হতে পারে।
বিসিএমসিএল-এর মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, দৈনন্দিন কাজের অংশ হিসেবে মিস্টার সিং দুজন স্থানীয় শ্রমিকের সঙ্গে ভূগর্ভে গ্যাস পরিমাপ করতে গিয়েছিলেন। পরে স্থানীয় শ্রমিকদের ভিন্ন স্থানে পাঠিয়ে তিনি নিজে ১৩০৫ নম্বর ফেসের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। পরে সহকর্মীরা নির্ধারিত স্থানে তাকে খুঁজে না পেয়ে বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানান।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ৭টায় শিফট ডিউটি শেষ হলে সবাই ওপরে উঠে এলেও তিনি না আসায় সহকর্মীরা খোঁজ শুরু করেন। পরে রেসকিউ টিম তল্লাশি চালিয়ে ১৩০৫ ফেসের সিল ওয়ালের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ বিষয়ে চীনা কনসোর্টিয়াম নিজ দেশস্থ দপ্তর ও নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। কনসোর্টিয়ামের নিজস্ব পদ্ধতি অনুযায়ী মরদেহ সৎকার করা হবে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় ময়নাতদন্তের জন্য আবেদন পাঠানো হচ্ছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
