ফুফুর বাড়ি বেড়াতে এসে ফুফাতো ভাইকে খুন

বাগেরহাটে পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই আলী আব্দল্লাহ ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত গভীর রাতে শহরের বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আম্মার শেখ (১৯) বাসাবাটি এলাকার তাসলিম মাহমুদের ছেলে। অভিযুক্ত আলী আব্দুল্লাহ বাগেরহাট পৌরসভার সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়ি বাসাবাটি বেড়াতে আসেন। রাতের খাবার শেষে আম্মার শেখ ও আলী আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। এ সময় আম্মারের মায়ের কাছ থেকে টাকা নেওয়া ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত ১টার দিকে আলী আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে ফুফাতো ভাই আম্মার শেখের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আম্মার গুরুতর আহত হন।
আম্মারের মা মাফুজা বেগমের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আম্মারকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনরা আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করে রাখেন। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিম্মায় নেয়।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, গভীর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ আব্দুল্লাহকে আটক করে। এ ছাড়া নিহত আম্মার শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
