logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া। ছবি: এশিয়া পোস্ট

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ভোগরা, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকেরা। বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। কিছু এলাকায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

Advertisement

অন্যদিকে সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে ওই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর মৌচাকের তেলিরচালা এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

একই পরিস্থিতি তৈরি হয় গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায়। সেখানে কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে আজকের জন্য ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।