logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে লাঠিসোঁটা হাতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ওই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

Advertisement

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শ্রমিকের মৃত্যুর গুজবে মঙ্গলবার সকালে লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

এদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিল্পকারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের দুটি স্থানে অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা।

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।