logo

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের নান্দাইলে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় এজলাস থেকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, নান্দাইল উপজেলার চর ভেলামারী এলাকার হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে আসামিদের জমি নিয়ে পূর্ববিরোধ চলছিল। এর জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইলের চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় শফিকুলের ওপর হামলা চালানো হয়। এ সময় আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহত শফিকুলের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসাদুল রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন, তারা বর্তমানে পলাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষে বিচার পরিচালনা করেন আইনজীবী আনোয়ার আজিজ টুটুল এবং আসামিপক্ষে ছিলেন এ কে এম আমানউল্লাহ বাদল।