সাবেক মন্ত্রী শাজাহান খানের প্রতিষ্ঠানে ভাঙচুর, মুহুর্মুহু ককটেল নিক্ষেপ

মাদারীপুর শহরে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের পারিবারিক প্রতিষ্ঠানসহ দুটি স্থাপনায় হামলা, ভাঙচুর, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একটি বহুতল ব্যবসায়িক ভবনে আগুন ধরে যায়। একই সময়ে শহরের একটি হোটেলেও হামলা ও ভাঙচুর চালানো হয়।
রোববার (২৯ নভেম্বর) মাদারীপুর শহরের মডেল থানার সামনে ও সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের মডেল থানার সামনে অবস্থিত শাজাহান খানের পারিবারিক বহুতল ব্যবসায়িক প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে একই সময়ে শহরের সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলের সামনের দরজার কাচ ভাঙচুর করা হয়। এ সময় হোটেলটি লক্ষ্য করে একাধিক ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হোটেলটির নিরাপত্তাকর্মী মো. বজলুর শেখ বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত হোটেলে হামলা চালায়। তারা প্রায় ২০টির মতো ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। হঠাৎ এমন হামলায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি।’
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘কিছু দুর্বৃত্ত ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।’

