সিরাজদিখানে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধ ড্রেজারের মাধ্যমে কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ইউনিয়নের চারটি এলাকায় বালু ভরাটের কাজে ব্যবহৃত বিপুল পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা, চরবিশ্বনাথ, সতুরচর ও গুয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে কৃষিজমি ও জলাশয় ভরাটের অভিযোগের ভিত্তিতে এসব এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে বালু ভরাটের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে বালু ভরাটের কাজে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেলে সেগুলো বিনষ্ট করা হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষ জানান, কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধভাবে ড্রেজিং এবং মাটি-বালু দিয়ে ভরাটের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।
.png)


