খুনি হাসিনা যেখানে থাকুক, তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেছেন, খুনি হাসিনা যেখানে থাকুক না কেন, তার রায় হয়ে গেছে। তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। তার একটাই স্থান, একটাই গন্তব্য ফাঁসির মঞ্চ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনার প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, হাসিনার রায় তো হয়েছে এবং তার সঙ্গে যারা দোসর আছে, তাদেরও আমি সাবধান করে দিচ্ছি, আপনারা আর ষড়যন্ত্রের দিকে আগাবেন না।
সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্টরা আবারও অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী পরিচয় প্রমাণ করেছে। বিএনপি অতীতেও আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেয়নি, এখনও নেবে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিবর্তে আইন ও প্রশাসনের মাধ্যমে অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গোপালগঞ্জ ও পিরোজপুরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন গুজব বা উড়ো খবরের ভিত্তিতে উত্তেজিত হবেন না। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের ওপর অত্যাচার, অগ্নিসংযোগ কিংবা প্রাণহানির রাজনীতি কাম্য নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
তিনি দাবি করেন, বিএনপি ধ্বংসাত্মক বা হত্যার রাজনীতি করে না। দলটি আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণভাবে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক মেহেদি হাসান মুন্সি, সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম হোসেন হিরন, আরিফ মৃধাসহ ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

