একসঙ্গে জন্ম, একসঙ্গেই মৃত্যু দুই বোনের

একসঙ্গে পৃথিবীতে এসেছিল যমজ দুই বোন জুনাইরা ও তাসলিমা। মাত্র ১৮ মাস বয়সেই পানিতে ডুবে একসঙ্গেই থেমে গেল তাদের জীবন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর এলাকায় বাড়ির পাশের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত জুনাইরা ও তাসলিমা উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ির পাশে খেলছিল যমজ দুই শিশু। কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। পরে দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে যমজ দুই শিশুর মৃত্যুতে কাছিয়াপুকুরিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি এখনও কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে অবগত করেনি। আমরা তথ্য সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখব।


