ডেঙ্গু শনাক্তের তিন দিন পর পল্লী চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় ডেঙ্গু শনাক্তের তিনদিন পর সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলাম উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার আসমত আলী মোল্লা বাড়ির পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হেয়াকো বাজারে পল্লী চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়।
বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন সাইফুল। তিন দিন আগে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।
এদিকে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৫৬ জনের মৃত্যু হয়েছে।
