সিরাজদিখানে ৬০ কৃষক পেলেন রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রথমবারের মতো কৃষকদের মাঝে রপ্তানিযোগ্য আলুর বীজ ও চাষাবাদের প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলার ৬০ জন কৃষকের মাঝে উন্নত জাতের আলুর বীজ, রাসায়নিক সার ও পরিচর্যার উপকরণ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিস সংলগ্ন এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজদিখান আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান।
কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রদর্শনীর আওতায় প্রত্যেক কৃষককে ২০ শতক জমিতে আলু চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৫৫ জন কৃষককে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ‘সানসাইন’ জাতের ১৬০ কেজি করে আলুর বীজ এবং পাঁচজন কৃষককে ‘স্টারিস্ট’ জাতের আলুর বীজ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রত্যেক কৃষককে ২০ শতক জমির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার, জৈব বালাইনাশক ও জিপসাম সরবরাহ করা হয়েছে। বীজ শোধন ও আলু ফসলের পরিচর্যার জন্য বিকাশের মাধ্যমে নগদ অর্থ সহায়তাও দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ বছর মুন্সীগঞ্জ জেলায় মোট ৩৬০ জন কৃষকের মাঝে রপ্তানিযোগ্য আলুর বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণের কর্মসূচি রয়েছে। দেশের উৎপাদিত আলু আন্তর্জাতিক বাজারের রপ্তানি উপযোগী মানদণ্ড পূরণে সীমাবদ্ধতা থাকায় রপ্তানিযোগ্য জাতের আলু উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

