বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা এ আন্দোলনে নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। প্রথমে কাশিমপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে রাজপথে নামেন। পরবর্তীতে জরুন এলাকার রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ, কটন ক্লাব, মণ্ডল ও মাল্টিফ্যাবস লি. সহ আশপাশের কারখানার শ্রমিকরাও এতে যোগ দেন। একপর্যায়ে কোনাবাড়ী বিসিক এলাকার শ্রমিকরা অন্যান্য কারখানার শ্রমিকদের ডেকে বের করে আনেন এবং সবাই মিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভের সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।
জানা গেছে, বিকেলে কয়েক দফা বিক্ষোভের পর সন্ধ্যা ৭টার দিকে শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করেন। কোনাবাড়ী কলেজ গেট এলাকায় শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হয়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে পুলিশ গিয়ে পুনরায় টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, কোনাবাড়ী ও কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
