logo

পাবনায় গরুর হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা

পাবনায় গরুর হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা
গুলি করে হত্যার পর পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় জমান স্থানীয় লোকজন ও স্বজনেরা। ছবি: এশিয়া পোস্ট

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার আব্দুস সালাম ও স্থানীয় বিএনপি নেতা রিপনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালামের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সালাম নিজ কার্যালয়ে বসে ছিলেন। এ সময় ৭-৮ জন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সালাম পাবনা সদর উপজেলার ধর্মগ্রামের মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদারের পাশাপাশি স্থানীয়ভাবে শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে নিহত রিপন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে; তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নেপথ্যের কারণ উন্মোচনে পুলিশ কাজ করছে।