logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

হামলা-অগ্নিসংযোগের পর থমথমে বেন্দারচর, আতঙ্ক কাটছে না বাসিন্দাদের

হামলা-অগ্নিসংযোগের পর থমথমে বেন্দারচর, আতঙ্ক কাটছে না বাসিন্দাদের
হামলা ও অগ্নিসংযোগে পুড়ে যাওয়া বেন্দারচর গ্রামের একটি বাড়ি। ছবি: এশিয়া পোস্ট

কোথাও ঘরের পোড়া টিন, কোথাও ভাঙা দরজা-জানালা। আগুনে পুড়ে যাওয়া ঘরের অবশিষ্ট জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। বাড়ির উঠানে ছড়িয়ে-ছিটিয়ে আছে হামলার চিহ্ন। গ্রামের প্রবেশপথ থেকে ভেতরের মোড় সবখানেই পুলিশের উপস্থিতি। বাইরে থেকে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও বেন্দারচরের বাসিন্দাদের মনে এখনো কাটেনি আতঙ্ক। কারও ঘর পুড়ে বসবাসের অনুপযোগী, কেউ আবার ভাঙচুরের ক্ষত মেরামতে ব্যস্ত। বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের জেরে ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে গ্রামটিতে গিয়ে দেখা যায়, প্রবেশপথে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। গ্রামের ভেতরের বিভিন্ন মোড়েও রয়েছে পুলিশের অবস্থান। পাশাপাশি বিভিন্ন সড়কে পুলিশ ও এসআরবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

Advertisement

হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর কয়েকটিতে বাসিন্দারা পোড়া ঘর থেকে অবশিষ্ট আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিচ্ছিলেন। নারীদের কেউ কেউ ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিষ্কার করছিলেন। তবে বাড়িগুলোর আশপাশে কিশোর, তরুণ ও যুবকদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের অনুসারী।

ক্ষতিগ্রস্তদের একজন বেন্দারচর গ্রামের আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমাদের বাড়িঘর পুরোপুরি পুড়িয়ে দিয়েছে। এখন থাকার মতো একটুও জায়গা নেই। কোথায় রাত কাটাব, কী খাব, কিছুই বুঝতে পারছি না। ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে এখন কোথায় যাব, কে আমাদের আশ্রয় দেবে? আমরা তো কারও কোনো ক্ষতি করিনি। তারপরও আমাদের সবকিছু পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। রাজনীতি করি না, কোনো পক্ষের হয়েও কাজ করি না। তারপরও আমাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এখন সন্তানদের নিয়ে কোথায় থাকব? এলাকায় থাকতেও ভয় লাগছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের অপরাধ কী, সেটাও বুঝতে পারছি না।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলা এলাকায় বিএনপির ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের বহরে হামলা চালানো হয়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কালিয়া মডেল মসজিদে নিহত দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে শুক্রবার সন্ধ্যায় বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের জেরে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন এসব হামলা চালান বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন সড়কে চলছে পুলিশের টহল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কাটেনি। কেউ পোড়া ঘরের অবশিষ্টাংশ সরাচ্ছেন, কেউ ঘর মেরামতের চিন্তায় দিশেহারা। ঘরবাড়ি থাকলেও অনেকের সেখানে বসবাসের মতো পরিবেশ নেই। ফলে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে বেন্দারচরের বাসিন্দাদের।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এশিয়া পোস্টকে জানান, বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।