logo

যুবদলের মিছিলে যুবলীগের হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ-ভাঙচুর

যুবদলের মিছিলে যুবলীগের হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ-ভাঙচুর
আগুনে পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের একটি সন্ত্রাসবিরোধী মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

হামলার শিকার নেতাকর্মী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ ঘটনায় যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং দুই পক্ষের তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে উত্তেজনার সৃষ্টি হয়।

ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: এশিয়া পোস্ট
ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: এশিয়া পোস্ট

ভুক্তভোগী নেতাকর্মীদের অভিযোগ, ওই সময় মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের একদল কর্মী মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিন ও বখতিয়ারসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হন। এ সময় যুবদল কর্মীদের একটি মোটরসাইকেলে আগুন দেয় যুবলীগ কর্মীরা। যুবদল কর্মীরা জড়ো হয়ে পাল্টাহামলা করলে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় আরও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন। তবে অভিযুক্ত পক্ষ বা যুবলীগের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ এশিয়া পোস্টকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।