logo

বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে আগের নামের ব্যানার টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে আগের নামের ব্যানার টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ
‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার টাঙিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের বাঁশখালী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের ওপর ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা একটি ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই ব্যানার টাঙিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় বিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে বিদ্যালয়ের মূল নামফলকের ওপর ব্যানারটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন সেটি নামিয়ে ফেলেন। এ সময় জনসমাগম দেখে ব্যানার টাঙানোর সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক সহযোগিতা চাওয়া হয়েছে। প্রশাসন ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে।

১৯৭০ সালে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ‘বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ নামে পরিচালিত হয়ে আসছিল। ২০২৩ সালের ১৯ অক্টোবর বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। একই বছরের ২৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এর নাম নির্ধারণ করা হয় ‘বাঁশখালী সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’।

পরবর্তী সময়ে ২০২৫ সালের জুনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আরেকটি প্রজ্ঞাপনে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়’ করা হয়। বর্তমানে সরকারি নথিপত্রে প্রতিষ্ঠানটি এ নামেই পরিচালিত হচ্ছে।