logo

হাটহাজারীতে ছাত্রলীগ নেতার খোঁজে বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাটহাজারীতে ছাত্রলীগ নেতার খোঁজে বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ
হাটহাজারীতে ছাত্রলীগ নেতার খোঁজে বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মোজাম্মেল হকের সন্ধানে ওই বাড়িতে হামলা চালানো হয় বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার মদুনাঘাট সংলগ্ন দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নবাব চান্দের বাড়িতে এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মোজাম্মেল হকের সন্ধানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে এসে অতর্কিতভাবে বাড়িঘরে হামলা চালান। হামলাকারীরা বাড়ির চারটি ঘরে ভাঙচুর এবং দুটি ঘরে অগ্নিসংযোগ করেন। এ সময় আগুনে একটি মোটরসাইকেল পুড়ে যায়।

হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সংগঠক মোজাম্মেল হক অভিযোগ করেন, হামলাকারীরা যুবলীগ নেতা তাজ উদ্দিন নবাব, শেখ বাবর এবং আরমান আহমেদের বাড়িতেও ভাঙচুর চালিয়েছেন। ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল এবং পরবর্তীতে সেখান থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান বাদশা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছেলেরা দুজনের ওপর হামলা করেছিল। পরে তাদের খুঁজতে পুলিশ গেছে। সঙ্গে সাধারণ মানুষও গেছে।

কাদের ওপর হামলা হয়েছিল এবং তাদের বর্তমান শারীরিক অবস্থা কী, জানতে চাইলে শাহজাহান বাদশা বলেন, আমি এখন ব্যস্ত আছি। পরে কথা বলব।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইব্রাহিম জানান, ওই বাড়িতে চার-পাঁচজন বহিরাগতকে আশ্রয় দেওয়া হয়েছিল। তারা স্থানীয় ছাত্রদলের এক নেতাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এর জের ধরেই সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়।

তিনি বলেন, এলাকায় অগ্নিসংযোগ বা বড় কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।