logo

১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ায় বোর্ডের ৩ কর্মচারী গ্রেপ্তার

১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ায় বোর্ডের ৩ কর্মচারী গ্রেপ্তার
ছবি: এশিয়া পোস্ট

এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একজন প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেলের (পিপিএম) নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানায় সোপর্দ করা হয়।

Advertisement

এর আগে দুই বিষয়ে শূন্যসহ ১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬) এবং স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম জিসান (২৭)। তাদের মধ্যে মো. আবদুল মালেকের স্থায়ী বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় হলেও বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বসবাস করেন। এছাড়া ফরহাদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এবং শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহর এলাকায়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগে বোর্ডের সচিব বাদী হয়ে এক শিক্ষার্থীসহ বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরেই এই অভিযান ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রাসেল জানান, পরীক্ষার ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের এই তিন কর্মীর বিরুদ্ধে জালিয়াতিতে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্তে জানা গেছে, আটককৃতদের মধ্যে কেউ কেউ দীর্ঘ ১৩ বছর ধরে একই দায়িত্বে কর্মরত ছিলেন। এই সংঘবদ্ধ জালিয়াতির সঙ্গে বোর্ডের অন্য কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা বাইরের কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তিন আসামিকে পাঁচলাইশ থানা হাজতে রাখা হয়। তবে তৃতীয় আসামি মো. আবদুল মালেক আগে থেকেই হৃদরোগে আক্রান্ত থাকায় তার স্বজনেরা প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র নিয়ে থানায় আসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০টি বিষয়ে অকৃতকার্য হওয়া এক শিক্ষার্থীর নম্বর অস্বাভাবিক হারে বাড়িয়ে পাস করানোর অভিযোগ ওঠে। এজাহারে উল্লেখিত নম্বর পরিবর্তনের বিস্তারিত বিবরণ অনুযায়ী বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে যথাক্রমে ২৩ নম্বর থেকে বাড়িয়ে ৩৩ এবং ২৪ নম্বর থেকে বাড়িয়ে ৬২ করা হয়। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে যথাক্রমে ৩৩ নম্বর বাড়িয়ে ৮৩ এবং ২০ নম্বর বাড়িয়ে ৮২ বসানো হয়। গণিত ও উচ্চতর গণিতে যথাক্রমে ৯-এর পরিবর্তে ৬৬ এবং শূন্যের (০) স্থলে ৪৬ নম্বর দেওয়া হয়। পদার্থবিজ্ঞানে শূন্যের স্থলে ৪৫, রসায়নে ১-এর স্থলে ৪৬ এবং জীববিজ্ঞানে ১-এর স্থলে ৪৬ নম্বর করা হয়। ইসলাম শিক্ষায় ৭-এর স্থলে ৬৪ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর স্থলে ৬৫ নম্বর বসানো হয়।