logo

রূপগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভের মুখে লাঞ্ছিত কর্মকর্তা

রূপগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভের মুখে লাঞ্ছিত কর্মকর্তা
ছবি: এশিয়া পোস্ট

বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের ছাঁটাইকৃত শ্রমিকেরা।

শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার হাটাবো এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ চলাকালে অফিসে প্রবেশের সময় প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর (অটোমেশন) জুলফিকার আলীকে আটকে জবাবদিহি চান শ্রমিকেরা। একপর্যায়ে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে শ্রমিকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে এবং তিনি লাঞ্ছিত হন বলে জানা গেছে।

Advertisement

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় অবস্থিত আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরবর্তী সময়ে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। তবে চাকরি হারানোর পরও তাদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন ও পাওনা পরিশোধ করা হয়নি। এ নিয়ে কর্তৃপক্ষ একাধিকবার সময় দিলেও নির্ধারিত সময়ে পাওনা পরিশোধ করেনি। ফলে দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা ও বেতন না পাওয়ার ক্ষোভ থেকে তারা আন্দোলনে নামতে বাধ্য হন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, চাকরি হারানোর পর এমনিতেই তারা আর্থিক সংকটে রয়েছেন। এর মধ্যে কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে। বারবার আশ্বাস দেওয়া হলেও পাওনা পরিশোধ না করায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত সব বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান তারা।

একপর্যায়ে শ্রমিকেরা সড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

এদিকে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (অটোমেশন) জুলফিকার আলী অফিসে প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তাকে আটকে বকেয়া বেতনের বিষয়ে জবাবদিহি চান। এ সময় তিনি জানান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো অফিসে আসেননি। তারা এলে বিষয়টি নিয়ে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। তবে তার এ বক্তব্যে শ্রমিকেরা সন্তুষ্ট না হওয়ায় একপর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় তার সঙ্গে শ্রমিকদের হাতাহাতি হয় এবং শ্রমিকদের হাতে তিনি লাঞ্ছিত হন বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলি। শ্রমিকেরা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করেছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বকেয়া বেতন পরিশোধের বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।