logo

‘যোগ্যতা সত্ত্বেও জাতীয় পর্যায়ে মূল্যায়িত হননি মুজিবুল হক কবীর’

‘যোগ্যতা সত্ত্বেও জাতীয় পর্যায়ে মূল্যায়িত হননি মুজিবুল হক কবীর’
নারায়ণগঞ্জ কবিতা পরিষদের পক্ষ থেকে মুজিবুল হক কবীরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

সাহিত্যচর্চা ও সৃষ্টিশীলতায় দীর্ঘদিন অবদান রাখলেও জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য কোনো পুরস্কার পাননি কবি মুজিবুল হক কবীর। জাতীয় পুরস্কার প্রদানের ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে অর্থ, তদবির, ক্ষমতার প্রভাব ও তোষামোদকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছেন সাহিত্যিক ও কবিরা। তাদের মতে, এ কারণে অনেক গুণী সাহিত্যিক রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ষষ্ঠ তলায় নারায়ণগঞ্জ কবিতা পরিষদ আয়োজিত ‘লক্ষ্যা পারের কবি মুজিবুল হক কবীর’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

Advertisement

বক্তারা বলেন, ঢাকামুখী না হয়েও নারায়ণগঞ্জে থেকে মুজিবুল হক কবীর জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন। তার কবিতা ও ছন্দবিষয়ক লেখালেখি ইংরেজি, উর্দু ও গুজরাটি ভাষায় অনূদিত হয়েছে। বাংলা ভাষায় ছন্দবিষয়ক উল্লেখযোগ্য পাঁচটি বইয়ের তালিকা করতে গেলে তার ‘ছন্দের ঘরবাড়ি’ বইটি প্রথম সারিতে থাকবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার লেখা পাঠ্যসূচিতে রয়েছে এবং গবেষণা ও রেফারেন্স হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এত অবদান থাকা সত্ত্বেও তিনি দেশের উল্লেখযোগ্য কোনো জাতীয় পুরস্কার পাননি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সভাপতি সালাম জুবায়ের। পরিষদের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ছড়াকার ড. রুমন রেজা, অনুবাদক সাইদুর রহমান, কবি করিম রেজা, পুলক হাসান, কাজল কানন, অভিজিৎ রায়, দীপক ভৌমিক, মোহাম্মদ সেলিম, আহমেদ বাবলু, জহিরুল ইসলাম মিন্টু, মিলন মাহমুদ, চান মিয়া চান্দু, আনিসুর রহমান হিরা, মোখলেসুর রহমান তোতা, কাউসার আহমেদ, জয়নাল আবেদীন জয়, মাসুদ রানা লাল, চঞ্চল মেহমুদ কাশেম, লুৎফর রহমান মিয়া ভাই, মাসুদ রানা সবুজসহ অনেকে।

আলোচনায় ড. রুমন রেজা বলেন, মুজিবুল হক কবীর সাহিত্যচর্চাকে সাধনার পর্যায়ে নিয়ে গেছেন। বাংলা সাহিত্যে তার সৃষ্টিকর্ম উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কবি শামসুর রাহমান সাম্প্রতিক সময়ের পাঁচজন বিশিষ্ট কবির মধ্যে মুজিবুল হক কবীরের নাম উল্লেখ করেছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার ছন্দবিষয়ক বই ও কবিতা পড়ানো হয়, যা তার সাহিত্যিক অবস্থানেরই প্রমাণ।

কবি করিম রেজা বলেন, মুজিবুল হক কবীর রমাকান্ত কামারকে নিয়ে ধারাবাহিক কবিতা লিখেছেন। তার সৃষ্ট এই চরিত্র পরবর্তী সময়ে আরও অনেক কবির লেখায় স্থান পেয়েছে। এটি তার সৃষ্টিশীলতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

অনুবাদক সাইদুর রহমান বলেন, ১৯৮৭ সালে প্রকাশিত ‘পয়েম অব ফাইভ ইয়াং পয়েট অব বাংলাদেশ’ গ্রন্থে স্থান পাওয়া পাঁচ তরুণ কবির একজন ছিলেন মুজিবুল হক কবীর। তার সাহিত্যিক যোগ্যতা ও অবদান থাকা সত্ত্বেও জাতীয় পুরস্কার না পাওয়ার পেছনে পুরস্কারপ্রাপ্তির প্রচলিত অসৎ পন্থায় না হাঁটার বিষয়টি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

কবি অভিজিৎ রায় বলেন, মান্নান সৈয়দ তার বিভিন্ন লেখায় বারবার মুজিবুল হক কবীরের কথা উল্লেখ করেছেন। এমনকি কবীর তাকে অতিক্রম করেছেন, সেটিও মান্নান সৈয়দ নিজেই স্বীকার করেছেন।

আলোচনা শেষে অসুস্থ কবি মুজিবুল হক কবীর নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, সাহিত্যিকদের বাছাই করা বই পড়া উচিত। তা না হলে জীবনের অনেক মূল্যবান সময় অপচয় হয়ে যায়। জীবনের এই পর্যায়ে এসে তার মনে হয়েছে, আরও বেশি নির্বাচিত বই পড়া প্রয়োজন ছিল। যে বিষয়ে কারও আগ্রহ রয়েছে, সেই বিষয়টি নির্বাচন করে সে বিষয়ে বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন তিনি।

সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতায় সরকারের এগিয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে মুজিবুল হক কবীর বলেন, পশ্চিমবঙ্গে নতুন বই প্রকাশিত হলে সরকার সেখান থেকে ৫০০ কপি বই কিনে নেয়। এ ধরনের উদ্যোগ লেখালেখি ও সাহিত্যচর্চাকে অনেক দূর এগিয়ে নিতে সহায়তা করে। বাংলাদেশেও সাহিত্যিকদের উৎসাহিত করতে সরকারের এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন।