logo

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই
শামীম ওসমান।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি ইউটিউব চ্যানেলের টকশোতে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান তিনি।

ওই টকশোতে তিনি দাবি করেন, তিনি অসুস্থ, তার ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছে গেছে। এ সময় নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরেন তিনি বলেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’

Advertisement

এই একই টকশোতে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাভোগ, আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নানা মন্তব্য করেছেন তিনি।

সাবেক মেয়র সেলিনা আইভীর প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, আইভী জামায়াতের বিরুদ্ধে কথা না বলেও কারাভোগ করেছেন। মেয়র হওয়ার পর তিনি নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি কিংবা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিলেও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার বিষয়ে শামীম ওসমান বলেন, ‘একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।’

শোতে তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে।’ এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন শামীম ওসমান। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি। নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনার কথাও তুলে ধরেন তিনি। বাসায় আগুন দেওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন দেশ থেকে পালিয়ে যাওয়া শামিম ওসমান।