logo

শান্ত স্বভাবে প্রশংসিত ‘মিস্টার ক্যাইলা’

শান্ত স্বভাবে প্রশংসিত ‘মিস্টার ক্যাইলা’
১৭ মন ওজনের মিস্টার ক্যাইলা। ছবি: এশিয়া পোস্ট

বিশাল দেহ। উজ্জ্বল কালো রং। রয়েছে আটটি দাঁত। বয়স সাড়ে পাঁচ বছর। ওজন ১৭ মণ। নাম তার মিস্টার ক্যাইলা। শান্ত স্বভাবের কারণে সবার কাছে প্রশংসিত।

রাজশাহীর পবা উপজেলার ভূগরইল মধ্যপাড়া এলাকার একটি খামারে লালন-পালন করা হয়েছে গরুটি। দেশি-শাহিওয়াল ক্রস জাতের এই গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ ও সম্ভাব্য ক্রেতারা।

খামার কর্মচারীরা জানান, গরুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করা হয়েছে। মোটাতাজাকরণে কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। নিয়মিত সবুজ ঘাস, ভুট্টা ভাঙা, গমের ভুসি, খৈল, ধানের কুঁড়া, সাইলেজ ও পুষ্টিকর খাদ্য খাওয়ানো হয়েছে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও নিয়মিত পরিচর্যার দিকেও বিশেষ নজর রাখা হয়েছে।

১৭ মন ওজনের গরু
১৭ মন ওজনের গরু

খামারি দবির উদ্দিন সনি জানান, ‘মিস্টার ক্যাইলা’র দাম চাওয়া হচ্ছে প্রায় সাড়ে আট লাখ টাকা। এরই মধ্যে সাত লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ছোটবেলা থেকেই অনেক যত্ন করে ‘মিস্টার ক্যাইলা’কে বড় করেছি। পুরো শরীর কালো হওয়ায় শখ করে ওর নাম রাখা হয়েছে ‘মিস্টার ক্যাইলা’। আমরা সবসময় প্রাকৃতিক খাবারের ওপর গুরুত্ব দিয়েছি। প্রতিদিন নির্দিষ্ট খাদ্য তালিকা মেনে গরুটির যত্ন নেওয়া হয়েছে।

সনি আরও বলেন, গরুটিকে দেখতে প্রতিদিন অনেক মানুষ আসছেন। এর আকার, রং ও শান্ত স্বভাব দেখে সবাই প্রশংসা করছেন। এতে আমরাও আনন্দিত। আশা করছি, ঈদের বাজারে গরুটির ন্যায্য মূল্য পাওয়া যাবে।