‘আমাদের স্বপ্ন পূরণে গিয়ে লাশ হয়ে ফিরবে ছেলে’

‘আমার ছেলে বিদেশে গিয়ে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছিল। সে লাশ হয়ে ফিরবে কখনও কল্পনাও করিনি। সরকারের কাছে অনুরোধ জানাই, যেন মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।’
কথাগুলো বলছিলেন তছলিম উদ্দীন ছৈয়াল। তার ছেলে মো. হারুন রোববার (৩১ মে) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। দুর্ঘটনায় তার সঙ্গে নিহত হয়েছেন আরেক প্রবাসী মো. রাসেল।
নিহত দুজনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকায়। তারা প্রতিবেশী। সৌদি আরবের রিয়াদ এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তারা আহত হন। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ খবর দেশে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনা ও আর্থিক সহায়তার জন্য আবেদন করা হলে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। সরকারি নীতিমালা অনুযায়ী তাদের পরিবারের জন্য সম্ভাব্য সহায়তা নিশ্চিত করার বিষয়ে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
