কক্সবাজারে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৩ ও ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, পেকুয়া পৌরসভার কার্যক্রম উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন। রোববার (৭ জুন) সরকারের পক্ষ থেকে সফরের সম্ভাব্য পূর্ণাঙ্গ কর্মসূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ জুন (শনিবার) রাত ৮টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি কক্সবাজার সার্কিট হাউসে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন ১৪ জুন (রোববার) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী-মাছুয়াখালী এলাকায় খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।
দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে ‘সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি সাফারি পার্কের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সূচি অনুযায়ী, দুপুর দেড়টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে তিনি চকরিয়ার উদ্দেশে রওনা হবেন।
বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সৈকত পরিদর্শন করবেন।
সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অথবা বিআইএএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে রাত ৯টায় আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এরই মধ্যে গত শুক্রবার (৫ জুন) প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এদিন তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক, চকরিয়া পৌর বাসটার্মিনাল, কোনাখালীর বটতলী ও পেকুয়া সদর এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চকরিয়ার জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিএনপির দলীয় সূত্র বলছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। প্রধানমন্ত্রীর এই সফরে সঙ্গী থাকবেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া সরকারের মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা সফরসঙ্গী হবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরের সার্বিক প্রস্তুতি মনিটরিং করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ১২ জুন কক্সবাজার সফর করবেন।




